অনিচ্ছায় আত্মঘাতী

Aug 15, 2026 - 09:30
Aug 15, 2026 - 09:39
 0  2
অনিচ্ছায় আত্মঘাতী

‎মথুরাপুর ইউনিয়নের গোবরচাঁপা হাট খুব জমজমাট ।স্থানীয় মানুষের সাথে এটির গভীর সংযোগ। গোবরচাঁপাকে ঘিরে,শুভ্রা তীব্রগন্ধী চাঁপা পুষ্পকন্যার গন্ধনদীর স্রোতে গোবরের মিলে যাওয়ার অজানা কল্পকথা কিংবা শুকনো গোবরের ঘুঁটে বানিয়ে জ্বালানির বাণিজ্যিক চেতনাকেন্দ্রিক মিথ অস্পষ্ট হলেও একাত্তরের বিভীষিকাময় সময়কে ছুঁয়ে এই স্থানটি আজো থরথর,আজো ত্রস্ত,আজো কুণ্ঠিত,আজো গর্বিত ,আজো ইতিহাস।

‎এই অঞ্চলের অনেক তরুণ ,যুবক গেরিলা প্রশিক্ষণ নিয়ে মুক্তিবাহিনীতে যোগ দেয়। বিভিন্ন অপারেশনে তেজী অংশগ্রহণ এই এলাকাকে আরো বিপদে ফেলে ,পাকিস্তানিদের  নিশানায় পরিণত করে।

‎গোবরচাঁপার তালতলীতে একসময় মুক্তিরা বোম পুঁতে রাখে।ওরা জানতে পারে পাকিস্তানিরা আক্কেলপুর ক্যাম্প থেকে হত্যাভিযানে গাড়িবহরে এই পথে বিভিন্ন লোকালয়ে ঢুকবে।গাড়ির চাকা বোমের উপর পড়লে সেটা বাস্ট হবে । এভাবে গেরিলা অপারেশন করতো, লুকিয়ে লুকিয়ে অনুসন্ধান করতো কোন পথ তারা যাবে।সে রোমাঞ্চিত অপেক্ষা প্রেয়সীর চেয়েও সুখকর।পথ বিছিয়ে নীরব ফাঁদ।ধরা পড়বে বিদেশি পশু।পতন হবে অত্যাচারীর।স্বপ্নঘেরা সোনার দেশটি একেবারেই নিজের হবে.. শুধুই নিজেদের...।এমন অনুভাবনা যোদ্ধাদের মনের জোর বাড়িয়ে দেয়,সাহসী করে শত্রুর মুখোমুখি হতে।

‎উত্তেজনার এক মুহূর্তে বিকট শব্দ ছড়িয়ে পড়ে।খবর পৌঁছে পাঞ্জাবিদের কানে।কিছুক্ষণের মধ্যেই আসে একাধিক গাড়িবহর।সশস্ত্র সজ্জিত।বুটের বেতাল ছন্দে ধর-পাকড়,বাড়িঘর তল্লাশি! দূর্গাপুরসহ আশেপাশের সব জায়গায় অগ্নি প্রজ্জ্বলন করে।অশুভের! জীবনকে ভালোবেসে ছুটতে থাকে সাধারণ! কৌশলী হাতে আটক অসাধারণ!গাড়ি ভরে যায় মুক্তি-অমুক্তিতে।

‎আর তখনও তালতলীতে পড়ে থাকে গাড়োয়ান মন্টু মিয়ার দলা দলা মাংসের স্তূপ..  দড়াম করে লাফিয়ে পড়া সদ্য মৃত অনিচ্ছায় আত্মঘাতী জোয়ান দুটি গরু... ,রকেট গতিসম ঊর্ধ্বাকাশ থেকে ছিটকে পড়া গাড়িটির চূর্ণ -বিচূর্ণ শরীর...আর বোঝাই গাড়ির মালামালের সাথে পেছনে বসা অর্ধমৃত যাত্রীর বিচ্ছিন্ন হাত-পা...!

‎সেদিন পশু ধরার ফাঁদে পড়ে মানুষ!দেশি স্বজন! আফসোস জমা হয় যোদ্ধাদের বুকে। ইতিহাস বড় হয়..অবলা গরু,দুঃখী গাড়োয়ান..দলা মাংস আর ছিন্ন শরীর... ছুঁয়ে।