আবির্ভাব

Jul 19, 2026 - 15:08
Jul 21, 2026 - 19:06
 0  7
আবির্ভাব
ছবি এডিটঃ সম্পা রানী সরকার

আবার এসেছি আমি !
'সরস্বতী মা' ফের দিয়ে 'বর' দিয়াছে ধরায় নামি !
দুর্গা দেবীর বলেতে আমি তেজস্বী বলীয়ান-
অসুর-মানব সংহারিতে হইয়াছি আগুয়ান ! 
অধর্মকে নাশ করিতে যুগে যুগে মোর আসা
কলম-ফণায় রুদ্রশোভিত, আমি ফণিমনসা !
দুর্বলেরা নিপীড়িত আজ, হয়েছে শক্তিহীনা
তাদের প্রাণেতে ঐক্য আনিবে, কবির অগ্নিবীণা ।

গাহিব আমি নবসুর তুলে, নয়া প্রভাতের গান
দেখাব আগামী দিনের রঙিন স্বপ্ন মহীয়ান !
স্বদেশের কথা, প্রেয়সীর ব্যথা, মহামানবের পথ
মানব মুক্তির নবদিশা দেবে, আমার কাব্যরথ !
সকল ধর্মের মানবেরে আমি, কাব্যনেশার ঘোরে
সাম্যের গান গাহিয়া সবারে বাঁধিব প্রীতির ডোরে!

শহিদের লহু ? তার চেয়েও পূত, সত্য কবির মসি
কবির কাব্য শাশ্বত রবি, নিশির পূর্ণশশী ।
তোমরা যাঁরে খুঁজিয়া বেড়াও, আসিবে না কবি সে-
তাঁর প্রতিভাস উঠিবে সখা, আমার কাব্যে ভেসে !


Sauparna Masum সৌপর্ণ মাছুম একজন কবি ও গীতিকার। জন্ম ০৯ আগস্ট ১৯৮৬ ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বাবা মতিউর রহমান ও মা জাহানারা বেগম-এর চার সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। বাবার সেনাবাহিনীতে চাকরির সুবাদে বগুড়া ক্যান্টনমেন্টে তার পড়াশােনায় হাতে খড়ি। ২০০২ সালে তিনি বগুড়া ক্যান্টনমেন্ট বাের্ড হাই স্কুল থেকে মাধ্যমিক ও ২০০৪ সালে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া থেকে তিনি সমাপ্ত করেন রসায়নে অনার্সসহ স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেছেন প্রথম শ্রেণিতে বিএড ও এমএড ডিগ্রি । এলএলবি ডিগ্রি অর্জন করেছেন বগুড়া ল কলেজ থেকে । আর চিকিৎসাশাস্ত্রে বাংলাদেশ হােমিওপ্যাথিক প্যারা মেডিকেল বাের্ড খুলনা’-এর অধীনে হােমিওপ্যাথিতে নিয়েছেন এলএইচএমপি ডিগ্রি । আর ডিএইচএমএস সম্পন্ন করেছেন বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে। ছাত্রজীবন থেকেই কবিতা ও গান লেখা শুরু । ২০১৮ সালে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আদিগন্ত শস্যজলে নিরন্তর বাঁশি’ । এরপর থেকেই সাহিত্য জগতে শুরু হয় তাঁর নিরন্তর পথচলা । পেশায় তিনি একজন শিক্ষক ও চিকিৎসক। চিকিৎসা সেবার পাশাপাশি বর্তমানে তিনি উত্তরবঙ্গের স্বনামধন্য শিক্ষালয় বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। গৃহলক্ষ্মী জাকিয়া সুলতানা ও একমাত্র কন্যা মৃত্তিকা তাসনিম-কে নিয়ে তার গৃহীজীবন। প্রকাশিত গ্রন্থ : কাব্যগ্রন্থ : (১) আদিগন্ত শস্যজলে নিরন্তর বাঁশি : ২০১৮, পৃষ্ঠা প্রকাশন (২) জোছনাপত্রে ভেজানো শ্লোক : ২০২০, চর্যা প্রকাশ (৩) কলসে বালির কাঁথা : ২০২২, চর্যা প্রকাশ (৪) হেরার দ্যুতি : ২০২৫, চর্যা প্রকাশ ; সংগীত : (০৫) সপ্তসুরে নন্দনহার : ২০১৯, ইশা প্রকাশন ; শিশুতোষ : (৬) সময় ৩৫ কিশোর ছড়া-কবিতা সংকলন : ২০২৫, সময় প্রকাশন