দোররা

Aug 23, 2026 - 19:45
Aug 23, 2026 - 19:45
 0  5
দোররা
ছবি এডিটঃ সম্পা রানী সরকার

রোকেয়া হলের করবী ব্লকে থাকে ঝুমু।ভীষণ চুপচাপ,শান্ত স্বভাবের মেয়েটি দেখতে মোটামুটি হলেও ব্যক্তিত্বের ছটায় সুশ্রী ।অন্য মেয়েরা যখন স্বাধীন বা অনেকটা বেপরোয়া জীবন উদযাপন করে তখন ঝুমু আরো বেশি আড়ষ্ট আর অন্তর্মুখী থাকে।অতি সাধারণ হবার পেছনে পারিবারিক পরিবেশের প্রভাব আছে। যে গ্রামে ঝুমু বড় হয়েছে সে গ্রামটি তাদের আদি মাতা। সেই আঁচলতলে বসে মানুষ ক্লান্তি মোছে। সম্পর্কের যত্ন করে। জঠর জ্বালা জুড়ায়।অন্ন এবং দুঃখ ভাগ করে।কুপি- হারিকেনের মিটমিটে আলো জোনাক আর জোৎস্নার সাথে মিশিয়ে আঁধার সরায়। চোখের জল বৃষ্টির জলে মিশিয়ে বিষাদভেলা ভাসায় দূরে। সেই গ্রামের ছায়াতলে অপকর্মের বিচার হয় নিরপেক্ষে!

‎ঝুমু যখন অনেকটা ছোট। একদিন পুরো গ্রামে গুঞ্জন আর প্রতিবেশীদের উত্তেজিত হতে দেখে। জানতে পারে বিচার হবে। পুরুষ নয় , নারীর!কাঠগড়ায় এক প্রতিবেশী ফুফু। মানুষের ভিড়। উৎসুক দৃষ্টি।বাঁশঝাড়ের পাশে অনেকগুলো বাঁশের কঞ্চি একসাথে আঁটি বাঁধা। ফিসফিস শব্দ দোররা মারা হবে।একজন সিংহপুরুষ সেই কঞ্চিগুচ্ছ দিয়ে আঘাত করছে ফুফুর শরীরে। পঁচিশটি আঘাত!খড়গ হাতে উন্মাদ জল্লাদের মত ভয়ঙ্করী! যতবার আঘাত পড়ে ততবার ফুফু  মাটি থেকে শুন্যে ছোট ছোট লাফ দেয়।

‎ঝুমুর মনে হয়েছে ফুফু হয়তো সেদিন স্রষ্টার কাছে পাখির ডানা চেয়েছিলো। ফুফু হয়তো একখণ্ড মেঘ হতে চেয়েছিলো। ফুফু হয়তো প্রলয়ঙ্করী ঝড় হতে চেয়েছিলো _এক ঝটকায় শিকল ভেঙে,নিয়ম ডিঙে যোজন দূরে হারাতে চেয়েছিলো।কিছুই হতে পারে নি ফুফু। তবে ফুফু হয়েছিল বিয়ের আগে মা! কুমারী মা!সমাজ বিরুদ্ধ!ধর্ম বিরুদ্ধ!অধঃপতন!মহাপাপ!শরীর ঘিরে বেড়ে উঠা আর এক ছোট্ট শরীর! জন্মপাপের দায় ভূমিষ্ঠের আগেই প্রকাশ‌্য হত্যা।সমাজ আর ধর্মের এমন সত্য বিচারে ফুফু বাকস্তব্ধ। বিচার ঘিরে মহা প্রতিধ্বনি !এমন গুরুপাপের শাস্তি মৃত্যু হলে ভালো হয়। স্খলিত যে পুরুষবীর্যের পাপে ফুফু পাপীষ্ঠা সেই পশুপুরুষ বিচারনাট্যের কৌতুহলী দর্শক! ফুফু তখনও নীরব। প্রসারিত দুটো চোখ মেলে!নেই ভয়! নেই সঙ্কোচ !নেই লজ্জা!সেদিন  দিনমজুরের মেয়ের বিচার করে গ্রামমাতা ন্যায় প্রতিষ্ঠায় চিরগর্বিতা। তবে ঝুমু বুঝতে পারে এটা অন্যায়। ফুফুর প্রতি এমন বিচার  ঝুমুর বুকে এক ক্ষত আঁকে ।সেদিন ঝুমুর অনেক মায়া হয়েছিলো ফুফুর জন্য।

‎আজ ঝুমু অসংখ্য মেয়েকে নির্দ্বিধায় অন্য তরুণের হাত ধরে হাঁটতে দেখে, ঘনিষ্ঠ হতে দেখে।আজো কুমারী মা হয়! কেউ স্বেচ্ছায়,কেউ অনিচ্ছায়।কেউ প্রণয়ে,কেউ ধর্ষণে! পরিণাম বিয়ে কিংবা শাস্তি! পুরুষের !ঝুমু ঘোরভ্রমে স্মৃতিপথে উঁকি দেয়। ফিরে আসে বিচারের মঞ্চ! ফিরে একপাক্ষিক আইন! ফিরেপুরুষশাসিত সমাজ!ফিরে দোররার শব্দ! ফুফুর জলভরা চোখ!নীরব বেদনা! সমবেত পাড়ার উচ্ছ্বাস.. দিনমজুর বাবার অসহায়ত্ব...আরো আরো...

‎ঝুমুর বুকে আজো নীরব তোলপাড়! সেদিন ফুফু বিচারের কাঠগড়ায় প্রণয়ে নাকি ধর্ষণে??