অভিসার

Jul 19, 2026 - 16:49
Jul 21, 2026 - 19:12
 0  8
অভিসার
ছবি এডিটঃ সম্পা রানী সরকার

আজ ভোরকে বললাম,আমায় শুভ্রতার জলে ধুয়ে দাও

‎সে বললে,আজ আমি কাফনরঙা কূয়াশায় আচ্ছন্ন 

‎বিষণ্ন দুপুরকে জানালাম,খররৌদ্রের তপ্ততায় আমায় উত্তাপ দাও

‎সে বললে,এখন আমি প্রিয়াহীন উদাস

‎পড়ন্ত বিকেলকে বললাম,নরম বাতাসে আমায় ভাসিয়ে নাও

‎বিকেল বললে,আজ আমি পরিশ্রান্ত অলস

‎গোধূলি সন্ধ্যাকে বললাম, তোমার রঙে আমায় রাঙাও

‎সে মুখ বাঁকিয়ে বললে, আমার ঘরে ফেরার তাড়া আছে 

‎নিকষ কালো রাতকে বললাম,আমায় দাও একমুঠো সুখ

‎মুচকি হেসে রাত বললে, চাঁদের সাথে আজ আমার অভিসার।